
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিল্লা সেনানিবাসে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
স্বাগত বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আখতার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, লিয়াকত আলী ভূঁইয়া, আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূঁইয়াসহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত প্রতিরোধ ও আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ নতুন গতি লাভ করে। ঐতিহাসিক এ দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়।