
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি অধ্যয়নরত ছিলেন। দুর্ঘটনায় তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ গুরুতর আহত হয়েছেন, যিনি বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ঢাকা থেকে স্বামী ও দুই সহকর্মীর সাথে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা স্থানীয় একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। শনিবার বিকেলে তারা ইজিবাইকে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে যান। সন্ধ্যাবেলায় সেখান থেকে ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে গিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এ সময় গাড়ির যাত্রীরা ছিটকে পড়েন এবং নাবিলার মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়।
আহত ডা. মাইনুল ইসলাম শুভ জানান, ইজিবাইকের চাকার নিচে হঠাৎ একটি বিড়াল চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সাথে থাকা ব্যক্তি নিজেকে স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন, যা বর্তমানে যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।