
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বদলিপ্রক্রিয়া চালু এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা অবিলম্বে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ এবং কারিগরি ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি সুবিধা চালুর দাবি জানান। এছাড়া আসন্ন ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য জোর দাবি তোলেন শিক্ষক নেতারা।
কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রত্যাহার ও সব ধরনের হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়। দেশের ছয় লক্ষাধিক শিক্ষককে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে নেতারা জানান, তিন দফা দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে তারা সর্বাত্মক অংশগ্রহণ করবেন।