
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাময়িক বহিষ্কৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা দায়ের না হওয়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় তাদের হস্তান্তর করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে পাঁচ কর্মকর্তাকে থানায় রাখার বিশেষ আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তাঁদের থানায় রাখা হয়েছিল। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, আগের দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রশাসনের প্রাথমিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তেই তাঁদের থানা থেকে ফিরিয়ে আনা হয়েছে। প্রক্টর জানান, অভিযুক্ত পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে সাময়িক বহিষ্কারের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এর জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, যাদের সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত বা প্রয়োজনীয় প্রয়োজনে ডাকলে তাঁদের যেকোনো সময় সশরীরে হাজির হতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, সোমবার (১৬ নভেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা তাঁদের আটক করেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। রাত সাড়ে ৩টার দিকে তাঁদের কোতোয়ালি থানায় পাঠানো হয়। সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।