
কক্সবাজারের টেকনাফে চলাচল পথের জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষ বিএনপি নেতার লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম।
নিহত শফি উল্লাহ (২২) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার বাসিন্দা হাফেজ মুখতার আহমদের ছেলে। তিনি হ্নীলাস্থ মাঈনুদ্দীন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।
নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ অভিযোগ করেন, দীর্ঘ আট বছর ধরে তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ ও তার লোকজন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তারা কোনো সমাধানে রাজি হননি। আমি প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছেড়ে জন্য কামাল আহমদ চাঁদাও দাবি করেছিলেন। এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন। “
তিনি অভিযোগে আরও জানান, শনিবার ( ৪ জুলাই ) ওই মামলার তদন্তে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। তবে পুলিশ পৌঁছানোর আগে থেকে উৎপেতে থাকা কামাল আহমদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তার চার ভাই আবু বক্কর, হাবিব উল্লাহ ও শফি উল্লাহসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত শফি উল্লাহ মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি বমি করলে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত যাতায়ত পথের জায়গা বিরোধের জেরে দুইপক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।
সাইফুল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।