
কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী পায়রা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার কেয়ারী ঘাটসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জামিম মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মিনিবাসটির নম্বর কক্সবাজার-জ-১১-০২৩২। এটি একটি যাত্রীবাহী পালকি বাস। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালান।
তিনি বলেন, ভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। দ্রুত উদ্ধার করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. কামাল উদ্দিন জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা জানালা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।
তিনি আরও জানান, বাসটি চালাচ্ছিলেন হেলপার। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।