
রাজধানীর বিভিন্ন স্থানে চলমান ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং নাশকতার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যরাও রয়েছেন। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিটি ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির মোবাইল পার্টি ও পিকেট ডিউটি চলমান রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশি মোতায়েন বাড়ানোর মাধ্যমে জনগণের মধ্যে সৃষ্ট আতঙ্ক দূর করার চেষ্টা চলছে। সন্দেহজনক যে কোনো কর্মকাণ্ড আগেভাগেই শনাক্ত করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশনাল কার্যক্রম ঢেলে সাজানো হয়েছে। আকতার হোসেন জানান, নাশকতার পরিকল্পনা ও তা বাস্তবায়নের চেষ্টার ওপর কড়া নজর রাখা হচ্ছে।
ককটেল তৈরির সরঞ্জাম সংগ্রহ ও দাহ্য পদার্থ ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর আগেও ডিবি পুলিশ বিস্ফোরকদ্রব্যসহ অপরাধীদের গ্রেফতার করেছে। পেট্রোল পাম্প বা অন্য কোনো উৎস থেকে নাশকতার কাজে ব্যবহারের জন্য দাহ্য পদার্থ সংগ্রহ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দাহ্য পদার্থ সংগ্রহকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। নাশকতাকারীদের খুঁজে বের করতে পুলিশের চলমান অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।