
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
আজ শনিবার (২৭ জুন) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।
বিজিবি সূত্রে জানা যায়, ২৭ জুন আনুমানিক রাত ২ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর বিওপির একটি বিশেষ চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। দীর্ঘ পরিকল্পনা ও নিশ্ছিদ্র নজরদারির অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়। তবে অভিযানের সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে বলেও তিনি উল্লেখ করেন।