
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হলেন, আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মোঃ নাজমুল (৩২) ও রাসেল (২৮)। আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, অন্যান্য দিনের মতো এদিন দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন তারা। এর সঙ্গে নিজের আরও ৪ লাখ টাকা যুক্ত করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা মোটরসাইকেলে যোগে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে ফিরছিলেন। পথের মধ্যে ওই সময় আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে যোগে আসা হেলমেট পরিহিত ৪ ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করে এবং তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে যোগে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল জানান, এঘটনায় জড়িত ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার এবং ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশি অভিযান চলছে।