
নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
৫ মার্চ বৃহস্পতিবার ভোরে উপজেলার প্রসাদপুর কওমি মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত রফিকুল ইসলাম উপজেলার জিনার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,এদিন ভোরে ওই মাদ্রাসা এলাকায় রফিকুল ইসলামকে ঘোরাঘুরি করতে দেখে চোর সন্দেহে তাকে আটক করে মাদ্রাসার শিক্ষকরা। অভিযোগ রয়েছে,আটকের পর তাকে মাদ্রাসার মাঠের একটি আম গাছে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করা হয়।তাদের মারপিটের ফলে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।সকালে হত্যাকাণ্ডের খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কেউ অপরাধ করলে তাকে পুলিশের হাতে সোপর্দ করাই আইনি প্রক্রিয়া।কিন্তু এভাবে পিটিয়ে হত্যা করা চরম মানবাধিকার লঙ্ঘন। এ নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ রানা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবার মামলা দায়ের করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply