1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নতুন করে এনআইডির আবেদনের ‘সুযোগ নেই’ শেখ হাসিনার - আজকের কাগজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:

নতুন করে এনআইডির আবেদনের ‘সুযোগ নেই’ শেখ হাসিনার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:৪৯ পিএম
শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। কারও এনআইডি ব্লক থাকা অবস্থায় নতুন করে এই পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ নেই।

ইসি কর্মকর্তারা বলছেন, দুটি কারণে এ সুযোগ নেই। প্রথমত, আইনি কারণ।

দ্বিতীয়ত, কারিগরি। জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী, কোনো ব্যক্তির একবার এনআইডি পাওয়ার পর নতুন করে আবেদন করার সুযোগ নেই।
অর্থাৎ, দুইবার এনআইডি নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। অনেকেই দুইবার ভোটার নিবন্ধন করে এনআইডি নিয়েছেন।
ধরা পড়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাও হয়েছে। অনেকে আবার সরল বিশ্বাসে একাধিক এনআইডির জন্য আবেদন করার কথা স্বীকার করে একটি এনআইডি বাতিল করেছেন। এক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়।
অন্যদিকে, কারিগরি দিক থেকে একজন ব্যক্তির দুইবার নিবন্ধন করে এনআইডি পাওয়ার সুযোগ বর্তমানে নেই বললেই চলে। কেননা, পরবর্তী সময়ে আবেদন করলে তার আঙুলের ছাপ প্রথমে সার্ভারে অনুসন্ধান করে মেলে কি না, তা দেখা হয়। এক্ষেত্রে আগে কেউ নিবন্ধন করে থাকলে সহজেই তা মিলে যায়। ফলে পরবর্তী আবেদনটি আর প্রক্রিয়া করা হয় না। তবে অতীতে অনেকেই হাতের আঙুলের পরিবর্তে পায়ের আঙুল ব্যবহার করে দ্বিতীয়বার নিবন্ধন করেছিলেন। বিষয়টি নজরে আসায় এখন এ বিষয়গুলোও খেয়াল করা হয়।

সূত্রগুলো জানিয়েছে, গত বছর মার্চ মাসে শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করেন এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন। সে সময় তিনি এ-সংক্রান্ত নথিতে উল্লেখ করেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (এএসএম হুমায়ুন কবীর) মহোদয়ের মৌখিক নির্দেশে ১০ জনের এনআইডি লক করা হলো।

যাদের এনআইডি লক করা হয়, তারা হলেন-রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসির এনআইডি শাখার সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এ বিষয়ে বলেন, এনআইডি লক হলে কার্ডটি আর ব্যবহার করা যায় না। এ ছাড়া মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত এনআইডি লক করা হয়। অধিকাংশ সময় ভিআইপি অনেকের অনুরোধেও এনআইডি লক করা হয়, যাতে কেউ অপব্যবহার করতে না পারে। তাদের অনুরোধে আবার আনলক করা হয়।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের এনআইডি লক করার আগে হাসিনা ও শেখ পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে এনআইডি যাচাই করতে হয়। এ ছাড়া বিভিন্ন নাগরিক সেবার জন্যও এনআইডি এখন অপরিহার্য হয়ে উঠেছে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, কারও এনআইডি লক থাকার অর্থ এই নয় যে তার তথ্যের সঠিকতা নেই বা তিনি ভুয়া তথ্য দিয়ে এনআইডি নিয়েছেন। দুর্নীতি বা নানা কারণে বিভিন্ন সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতেও এনআইডি লক করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর এনআইডি ভুল তথ্যের কারণে লক হয়নি। তার এনআইডির সব তথ্য ঠিক আছে। কেবল লক অবস্থায় রয়েছে। অর্থাৎ, এই এনআইডি দিয়ে তিনি কোনো নাগরিক সুবিধা পাবেন না। কাজেই নতুন করে আবেদন করার বিষয়টি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এনআইডি আনলক করার আবেদন তিনি করতে পারেন। তবে নতুন এনআইডির জন্য আবেদনের সুযোগ নেই। এনআইডি আনলক করা হলেই অন্যান্য নাগরিক সুবিধা এই পরিচয়পত্র থেকেই পাবেন।

এ বিষয়ে ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বিষয়টি আমি জানি না। তিনি কোথায়, কী আবেদন করেছেন, তাও আমি জানি না। তবে যে কোনো ব্যক্তির এনআইডি ব্লক করা হলে সাধারণভাবেই বলা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন করে নতুন করে আর এনআইডি পাওয়ার সুযোগ নেই। কারণ, তার তো এনআইডি আছে, তবে সেটি লক অবস্থায় রয়েছে।

শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে সোমবার (৯ নভেম্বর) রয়টার্স সংবাদ প্রকাশ করলে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এ বিষয়ে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌ অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই।

সাইদুর রহমান বলেন, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।

সূত্র জানায়, শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে তার সাজা কার্যকর করতে চায়।

এই বিভাগের আরো খবর