
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
বুধবার (১১ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফের নাফ নদীসংলগ্ন সাবরাং আলোগোলা জোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ অভিযানিক দল নাফ নদীতে অবস্থান নেয়।
একপর্যায়ে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে থামার সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল ধাওয়া করে সেটি আটক করতে সক্ষম হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের মৌলভীপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া কর্মকর্তা জানান, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।