
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমার জেনোসাইড বা গোষ্ঠী নিধনে দোষী সাব্যস্ত হওয়া বাংলাদেশের জন্য এক বড় নৈতিক জয় বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি আ ন ম মুনীরুজ্জামান। তিনি জানান, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালোনো জেনোসাইড নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় যে দাবি করে আসছিল, এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে তার সত্যতা প্রতিষ্ঠিত হলো।
বিআইপিএসএস সভাপতি উল্লেখ করেন, পূর্ণাঙ্গ রায়ে অন্য কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা থাকলেও মিয়ানমার কর্তৃপক্ষ তা কতটা বাস্তবায়ন করবে, সে বিষয়ে সন্দেহ থেকে যায়। তা সত্ত্বেও বিশ্বদরবারে রোহিঙ্গা সংকটের বাস্তব চিত্র নতুন করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের নানা নতুন সংকটের ভিড়ে রোহিঙ্গা বিষয়টি যেন আলোচনার আড়ালে হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে আদালতের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে আদালতের এ সিদ্ধান্ত এলেই যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া খুব দ্রুত সমাধান হয়ে যাবে, এমনটা বাস্তবসম্মত নয় বলে সতর্ক করেন আ ন ম মুনীরুজ্জামান। তাঁর মতে, প্রত্যাবাসন সফল করতে হলে মিয়ানমারের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাছ থেকে সবার কাছে গ্রহণযোগ্য সম্মতি ও সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রয়োজন।
এই মামলার জটিলতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, মামলায় পক্ষ হিসেবে অংশ নিয়েছিল মিয়ানমারের কেন্দ্রীয় সরকার বা পরিচালনা কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে রাখাইন রাজ্যে যাদের প্রকৃত কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রয়েছে, তারা কোনো রাষ্ট্র নয় এবং আদালতের এই মামলার অংশও ছিল না। রাষ্ট্র না হওয়ায় আন্তর্জাতিক আইনের অধীনে তাদের ওপর সরাসরি বাধ্যবাধকতা আরোপ করা কঠিন, পাশাপাশি তাদের সঙ্গে যোগাযোগও অত্যন্ত সীমিত। ফলে রাখাইনে সক্রিয় বর্তমান শক্তিগুলো আদালতের এই আদেশ কতখানি মানবে, তা নিয়ে প্রশ্ন রয়ে যায়।
সর্বোপরি, এই রায়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক আনন্দদায়ক অর্জন উল্লেখ করে মুনীরুজ্জামান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালনে আরও সোচ্চার হতে হবে। তবে এই রায়কে কাজে লাগিয়ে রোহিঙ্গানীতিতে কতটা সাফল্য আসবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশ কত দক্ষতার সঙ্গে বিষয়টি তুলে ধরতে পারছে তার ওপর।