
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, সমসাময়িক বিষয়ে বিশ্লেষণী দক্ষতা এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়ের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৮টি দল অংশগ্রহণ করে।
ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতা যুক্তি, বিশ্লেষণ ও মননশীলতার এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগিতার প্রথম দিন (৩১ জুলাই) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। এরপর সকাল সাড়ে ৮টায় টুর্নামেন্ট-সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চারটি প্রাথমিক রাউন্ড শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। পুরো প্রতিযোগিতা বিশ্ব বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপের (ডব্লিউইউডিসি) নীতিমালা অনুসারে পরিচালিত হয়, যেখানে প্রতিটি দলে দুইজন করে বক্তা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এ পর্বের বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ ‘এশিয়ান স্প্রিং’-এর উত্থানে অনুতপ্ত।” ফাইনালে অংশ নেওয়া চারটি দল তথ্যনির্ভর বিশ্লেষণ, তীক্ষ্ণ যুক্তি এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারক ও দর্শকদের মুগ্ধ করে।
প্রতিযোগিতা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ‘সিইউডিএস এ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটির সদস্য ছিলেন মেহরাব মিজান ও ইরফান অপূর্ব। রানার্সআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ‘ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা’ দল, যার সদস্য ছিলেন আহমেদ রাকিবুল ইসলাম ও ধীমান বিশ্বাস। এছাড়া চূড়ান্ত পর্বের সেরা বিতার্কিক এবং পুরো প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সদস্য ইরফান অপূর্ব।
অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. তানভির হাসান, সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম ও সাদিয়া সিদ্দিকা, ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক, বিচারক এবং বিতার্কিকরা।
সমাপনী অনুষ্ঠানে রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি এবং পুরকৌশল বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভির হাসান বলেন, “যুক্তির চর্চা ও বিকাশকে সামনে রেখে গত সাত বছরের ধারাবাহিকতায় এবারও ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ আয়োজন করা হয়েছে। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া ২৮টি দলের বিতার্কিকদের আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি স্বেচ্ছাসেবক, ক্লাবের সদস্য, সাবেক সদস্য এবং শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা, যাদের সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। রুয়েট ডিবেটিং ক্লাব সবসময় বিতর্কচর্চাকে সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
অংশগ্রহণকারী বিতার্কিকদের মতে, এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা যুক্তিনির্ভর চিন্তাচর্চা, মতপ্রকাশের সংস্কৃতি এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি তরুণদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, দলগত সমন্বয় এবং সমসাময়িক বিষয়ে গভীর অনুধাবন তৈরিতে সহায়তা করে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক বন্ধন আরও সুদৃঢ় করতে রুয়েট ডিবেটিং ক্লাব ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।