
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভীরুল ইসলাম আজ ২০ জুন (শনিবার) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ঝুঁকিমুক্ত রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে রুয়েটের প্রধান ফটকের দিকে আসার সময় তানভীরুল ইসলামের বাইসাইকেলে একটি অটোরিকশা সজোরে আঘাত করে। অটোরিকশাটির অতিরিক্ত গতির কারণে আঘাতের পর তানভীর বাইসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং তার বাইসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর উপস্থিত ব্যক্তিবর্গ ও রুয়েটের আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেন এবং অটোরিকশাটি জব্দ করেন। আনসারের প্লাটুন কমান্ডার শাহীন মিয়ার তত্ত্বাবধানে আহত শিক্ষার্থীকে রুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন রুয়েটের নিরাপত্তা শাখার প্রধান মো. আবুল হাশেম। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্ত অটোরিকশা চালককে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে আর্থিক দণ্ড প্রদান এবং ক্ষমা চাওয়ার পর তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, তানভীর রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চালক গতি কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দেন। এর ফলেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
ঘটনা প্রসঙ্গে রুয়েটের নিরাপত্তা শাখার প্রধান মো. আবুল হাশেম বলেন, “রুয়েট প্রধান ফটকের সামনে আমাদের একজন শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হলে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং অভিযুক্ত চালককে আটক করেন। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্যারের তত্ত্বাবধানে পরবর্তী বিচারকার্য সম্পন্ন হয়।”
আহত শিক্ষার্থী তানভীরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছেন। ক্ষতিগ্রস্ত বাইসাইকেলটির মেরামত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।