
কুড়িগ্রামে মৌসুমী ফল দেয়ার লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তঘেঁষা বিদ্যাবাগিস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির মা।
গ্রেফতার যুবক হাবিবুর রহমান বাবু (২৮) ওই গ্রামের সাইফুর রহমানের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হাবিবুর রহমান বাবুকে সুপারির বাগান থেকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেন।