
গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৭ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের সাতখামাইর স্টেশনের উত্তর পাশে অজ্ঞাত এক নারীর (৬০) এবং বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিন পাশে জয়নাল আবেদীন(৫৫) নিহত হয়েছে ।
নিহত জয়নাল আবেদীন গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপঁচা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে অপর নারীর পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। । শুক্রবার দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, সকালে সাতখামাইর বাজারের উত্তর পাশে রেল সড়কে এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহতকে কেউ চিনতে পারেনি। অপর দিকে ইজ্জতপুর এলাকা বাসীর সাথে কথা বলে জানাযায়, রাতে কোন এক সময় জয়নাল নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। ভোরে তারা রেলসড়কে ওই ব্যক্তির মরদেহ দেখতে পান।
শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাষ্টার মো. হানিফ আলী জানান, সাতখামাইর বাজারের উত্তর পাশে সকালে জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ওই নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। অপর দিকে রাজেন্দ্রপুর কর্তব্যরত স্টেশন মাষ্টার মো. আমিনুল ইসলাম জানান, রাতের কোন এক ট্রেনে কাটা পড়ে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিন পাশে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। তিনি কখন কিভাবে কাটা পরেছেন তা জানা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির উজ জামান জানান, শ্রীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জনের মুত্যুর খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।