
দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যাংকের মূলধন পুনর্গঠন, খেলাপি ঋণ আদায়, তারল্য পরিস্থিতির উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার হিসেবে সৌদি আরবকে প্রস্তাব দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকে বিদেশি মূলধন আনার প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয় এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার মাধ্যমে বিনিয়োগের কৌশল চূড়ান্ত করবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেছে। দেশটির নীতিনির্ধারকরা বাংলাদেশের বাজারের আকার, ইসলামি ব্যাংকিং খাতের প্রবৃদ্ধির সম্ভাবনা এবং সরকারের সহযোগিতামূলক মনোভাবকে ইতিবাচকভাবে দেখছেন। সৌদি কর্তৃপক্ষের পাঠানো চিঠির বরাত দিয়ে সভায় জানানো হয় যে, এই বিনিয়োগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে।
তবে বিনিয়োগের ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জের বিষয়ও চিহ্নিত করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে একীভূত হওয়া ব্যাংকগুলোর স্থানান্তরিত সম্পদের গুণগত মান, খেলাপি ঋণের পরিমাণ, প্রভিশন সংরক্ষণের সক্ষমতা, মূলধন ঘাটতি এবং করপোরেট সুশাসনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সভায় এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এবং প্রকৃত আর্থিক চিত্র মূল্যায়নের বিষয়ে সমন্বয় করে উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে এবং সুশাসন প্রতিষ্ঠায় শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার আনার বিকল্প নেই। এজন্য গঠিত কমিটি সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপগুলো এগিয়ে নেবে।
উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির কারণে গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের আমলে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার জানিয়েছেন, সরকারের সহযোগিতায় ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে পাঁচটি ব্যাংকের একীভূত কার্যক্রম বড় পরিসরে হওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদেশি বিনিয়োগ নিশ্চিত হলে ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।