
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারসংলগ্ন এলাকায় রেখে যায় বিএসএফ সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুর চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরের দিকে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও প্রতিরোধে এগিয়ে এলে বিএসএফের পুশইন প্রচেষ্টা ভেস্তে যায়।
তবে পুশইনের জন্য আনা ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের কাছে রেখে যায় বিএসএফ। তাদের পরিচয় ও জাতীয়তা যাচাইয়ের বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।
জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিএসএফ নারী, শিশু ও পুরুষসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। বিষয়টি নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে।”
সীমান্ত সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ বাড়ছে। এ অবস্থায় সীমান্তে বিজিবি নজরদারি আরও জোরদার করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।