
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বপন রায় (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন ওই এলাকার সুব্রত রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্বপন রায়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।