
দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে এক নারীসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই সাজা প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা।
থানা সূত্রে জানা যায়, হাকিমপুর থানা এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে চারজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পৃথক চারটি মামলায় আটককৃতদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোছাঃ সাথী আক্তার (৪০) পিতা- মোঃ আফজাল হোসেন, সাং- মধ্য বাসুদেবপুর৷ মোঃ শাকিল (২২) পিতা- মোঃ রবিউল, সাং- মনসাপুর৷ মোঃ শিহাব (২২) পিতা- জুয়েল, সাং- ইসবপুর৷ মোঃ আবু সাঈদ পিতা- শুকুর আলী, সাং- পালশা গোয়ালবাড়ি, দণ্ডপ্রাপ্ত সকলের বাড়িই দিনাজপুর জেলার হাকিমপুর থানার আওতাধীন।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে চারজনকে এই দণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের আজ সোমবারই যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে প্রশাসন ও পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।