
দিনাজপুরের হাকিমপুরে দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি মোঃ জামাল হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার মৃত রফিক হোসেনের ছেলে।
আজ সোমবার (৮ জুন) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০১১ সালের ২০ নভেম্বর জামাল হোসেনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মাদক মামলা (নং-২৭) দায়ের করা হয়। বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
ওসি জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জামাল হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল এলাকায় তার বোনের বাড়িতে লুকিয়ে আছেন। পরবর্তীতে পুলিশি কৌশলে তাকে হাকিমপুরের বাসুদেবপুর চুড়িপট্টি এলাকায় এনে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবারই সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।