
পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আর মাত্র দিনকয়েক বাকি। এই উৎসবকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বাংলা হিলি বাজারে ব্যস্ততা বাড়ছে কামারপাড়ার কারিগরদের। টুংটাং শব্দে মুখরিত কামারশালাগুলো পেরিয়ে এখন বাজারের দোকানগুলোতে শোভা পাচ্ছে চকচকে দা, বঁটি, ছুরি ও চাপাতি।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাংলাহিলি বাজার ঘুরে দেখা যায়, কামাররা তাদের দোকানে অত্যন্ত সুন্দর ও সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন কোরবানির পশু জবাই এবং মাংস কাটার যাবতীয় সরঞ্জাম। ঈদের প্রস্তুতি হিসেবে ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি ডিজাইনের দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করছেন বিক্রেতারা।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের বাকি আর মাত্র ৬ থেকে ৭ দিন। বাজারে এখনো উপচে পড়া ভিড় না জমলেও, টুপি-তাকিয়া কিংবা কোরবানির পশু কেনার পাশাপাশি অনেকেই এখন থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে দোকানে ঢুঁ মারছেন। তবে কামারদের আশা, আগামী দুই-একদিনের মধ্যে বেচাকেনা পুরোদমে জমে উঠবে।
বাংলা হিলি বাজারের কামার ব্যবসায়ী সবুজ বৈরাগী বলেন, ঈদের আর মাত্র ৭ দিন বাকি। আশা করা যাচ্ছে দুই-একদিনের মধ্যেই পুরোদমে বেচাকেনা শুরু হয়ে যাবে। আমরা ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ খাঁটি ও মানসম্মত লোহা দিয়ে দা, বঁটি ও চাকু তৈরি করেছি, যাতে এগুলো টেকসই ও ধারালো হয়। আশা করছি এবার ভালো ব্যবসা করতে পারব।
বিক্রেতারা জানান, আকার ও লোহার গুণগত মানের ওপর ভিত্তি করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব সরঞ্জাম। পাশাপাশি পুরোনো দা-বঁটি শাণ দেওয়ার (ধারালো করার) কাজও শুরু হয়েছে সমানতালে। আগামী কয়েকদিনে এই ব্যস্ততা ও বিক্রি আরও কয়েকগুণ বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের।