
অর্থের অভাবে দেশের কোনো নাগরিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে না। একইভাবে মেধাবী শিক্ষার্থীরাও অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে পিছিয়ে থাকবে না। সরকার সবার জন্য শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সহায়তা ও উপবৃত্তির ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শুক্রবার (২৮ আগস্ট) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জটিল রোগে আক্রান্ত, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য দেশের জনগণকে জনসম্পদে রূপান্তর করা। কোনো নাগরিক যেন অবহেলা কিংবা অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সরকার সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের হাতে মোবাইল ফোন দেওয়ার পর তারা সেটি কীভাবে ব্যবহার করছে, সেদিকে নজর রাখতে হবে। অনলাইন জুয়া ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সন্তানদের দূরে রাখতে হবে। সন্ধ্যার পর সন্তানরা যেন অযথা বাইরে না থাকে এবং নিয়মিত পড়াশোনা করছে কি না, সেদিকেও অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, সন্তানদের মাদক ও অপরাধের হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পরে মন্ত্রী মেধাবী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং জটিল রোগে আক্রান্ত, অসহায় ও প্রতিবন্ধীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এসময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন, সার্কেল এএসপি হারিছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার সরকার, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাটের অনুষ্ঠান শেষে মন্ত্রী বাদ জুমা বিরামপুর উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি জটিল রোগে আক্রান্ত, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।