
যারা মনে করছেন, বিএনপিকে একটু নাড়া দিলেই দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির শেকড় জনগণের মাঝে। বিএনপি আত্মসমর্পণ করার দল নয়।
তিনি বলেন, যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙান কিংবা ভয় দেখানোর চেষ্টা করেন, তাদের গণতন্ত্রের ভাষায় কথা বলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো আত্মসমর্পণ করেননি।
শনিবার (২৯ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি। জনগণের পক্ষে কথা বলা, গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, অপেক্ষা করুন, জনগণের কাছে যান। জনগণ যাকে আবারও ভোট দিয়ে দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে। অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ ডেকে আনবেন না। কারণ জনগণ এখন সজাগ এবং জনদুর্ভোগ কীভাবে প্রতিরোধ করতে হয়, সেটিও তারা জানে।
বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়া হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন, খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।