
প্রথমবারের মতো পদ্মা সেতু ব্যবহার করে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছাল ইউরেনিয়াম জ্বালানির চালান। গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তার স্বার্থে এবার পরিবহনের রুট পরিবর্তন করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৩২ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে পারমাণবিক জ্বালানি পরিবহনের জন্য নিয়মিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু ব্যবহার করা হতো। নতুন রুট অনুযায়ী, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও পাকশীর লালন শাহ সেতু দিয়ে লরিগুলো রূপপুরে পৌঁছায়। রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটল জানিয়েছেন, মূলত নিরাপত্তাজনিত কারণেই এই বিকল্প রুট বেছে নেওয়া হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান চালানসহ এখন পর্যন্ত রূপপুরে পাঁচটি চালানে ইউরেনিয়াম এসে পৌঁছেছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য চারটি চালান রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে এই জ্বালানি বাংলাদেশে আনা হবে। দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি এবং প্রথম ইউনিটের পুনরায় জ্বালানির জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি পাঠানোর কথা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত ভিভিইআর-১২০০ মডেলের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান এই কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছিলেন। এই ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে টারবাইন-জেনারেটর এবং নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে সিনক্রোনাইজেশন বলা হয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও শর্ত সাপেক্ষে পরিচালিত হবে।