
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশটির বিভিন্ন শহরে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আন্দোলনকারী আয়োজকদের দাবি, সারা দেশে বিক্ষোভকারীর সংখ্যা ছিল অন্তত আড়াই লাখ। শুধু রাজধানী প্যারিসেই ৪৬ হাজার থেকে ৭৫ হাজার মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানান।
বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। প্যারিসে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এছাড়া লিয়ন শহরেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।
গত সেপ্টেম্বরে ফরাসি উচ্চবিদ্যালয়গুলোর সুযোগ-সুবিধার অভাবের অভিযোগে শিক্ষার্থীদের হাত ধরে এই আন্দোলনের সূচনা হয়। পরবর্তীতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিম্ন মজুরি ও কর্মপরিবেশের অবনতির প্রতিবাদে তা ব্যাপক আকার ধারণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
আগামী এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই আন্দোলন নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডানপন্থি প্রার্থী মেরিন লে পেন ও বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলেশঁ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। শনিবার এক সমাবেশে মেলেশঁ অর্থনীতি চাঙা করতে সামাজিক ও পরিবেশগত উন্নয়নে সম্পদ ব্যবহারের প্রতিশ্রুতি দেন।