
নেশার ভয়াল থাবা কেড়ে নিচ্ছে প্রাণ, ভেঙে দিচ্ছে পারিবারিক সম্পর্ক, ছড়িয়ে দিচ্ছে আতঙ্ক! কুড়িগ্রামে মাদককে কেন্দ্র করে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পৌরসভার কর্মচারী মনসুর আলী। স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর ছুরিকাহত হয়েছেন স্ত্রী মল্লিকা বেগম। এর আগে মাদক নিরাময় কেন্দ্রে নেওয়ার প্রস্তুতির মধ্যে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেছে মা মুনিরা বেগমের। আর মাদকের টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে নিহত হয়েছেন চাচি সোনাভানু।
পরপর এসব মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠেছে মাদকের বিস্তার ও জননিরাপত্তা নিয়ে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।
রোববার (৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় মাদকের বিস্তার ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাম্প্রতিক প্রাণহানির ঘটনাগুলো সভায় বিশেষ গুরুত্ব পায়।
বাধা দেওয়ায় ছুরিকাঘাতে খুন পৌর কর্মচারী
সর্বশেষ শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হল মিলনায়তন চত্বরে ছুরিকাঘাতে নিহত হন মনসুর আলী। তিনি কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী এবং টাউন হলের কেয়ারটেকার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাউন হল চত্বরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শাহনেওয়াজ ওরফে সানি (৩২) নামের এক যুবকের সঙ্গে মনসুরের বাকবিতণ্ডা হয়। পরে অনুষ্ঠান শেষে স্ত্রী মল্লিকা বেগম দুপুরের খাবার নিয়ে স্বামীর কাছে যান। এ সময় মনসুর ও তাঁর স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা চালানো হয়। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে মল্লিকাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মনসুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মল্লিকা চিকিৎসাধীন রয়েছেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত সানিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিরাময় কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি, ছেলের ছুরিতে মায়ের মৃত্যু
এর আগে ১৪ অক্টোবর কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে মাদক নিরাময় কেন্দ্রে নেওয়ার প্রস্তুতির মধ্যে মা-বাবার ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে মা মুনিরা বেগম (৫৬) নিহত হন। গুরুতর আহত হন তাঁর স্বামী অবসরপ্রাপ্ত প্রকৌশলী সরদার আলী (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রের অভিযোগ, তাঁদের ছেলে মোস্তাকিন আলম শোভন (৩৫) এ হামলা চালান। পরিবারের পক্ষ থেকে তাঁকে এর আগে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি ফিরে আসেন। ঘটনার দিন সিরাজগঞ্জের একটি নিরাময় কেন্দ্রের কর্মীরা তাঁকে নিতে বাড়িতে অপেক্ষা করছিলেন। এ সময় হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত সরদার আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদকের টাকার বিরোধে প্রাণ গেল চাচির
২৩ অক্টোবর রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বারবান্দা গ্রামে মাদকের টাকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে প্রাণ হারান সোনাভানু (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে ফারুক হোসেনের সঙ্গে তাঁর মা ধলী বেওয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাকে মারধর শুরু করলে পরিস্থিতি থামাতে এগিয়ে যান চাচি সোনাভানু। এ সময় ফারুকের লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনায় অভিযুক্ত ফারুককে আটক করেছে পুলিশ।
মাদকের বিস্তার নিয়ে আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ
সভায় বক্তারা বলেন, মাদক এখন শুধু ব্যক্তিগত আসক্তির সমস্যা নয়; এটি পরিবার, সমাজ ও জননিরাপত্তার জন্য বড় হুমকি। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার পাশাপাশি সহিংসতা ও অপরাধের ঝুঁকিও বাড়ছে। তাই মাদক কারবারি ও এর সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তাঁরা আরও বলেন, মাদকের উৎস ও সরবরাহব্যবস্থা চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় সচেতনতা বাড়াতে হবে। শুধু প্রশাসনিক অভিযান নয়, মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলাও জরুরি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং এসআরবি-১৩-এর কোম্পানি কমান্ডার মো. মনিরুজ্জামান প্রমুখ।
সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করা হয়।
তিনটি হত্যাকাণ্ডের নির্মমতা কুড়িগ্রামে মাদকের বিস্তার ও তার সামাজিক অভিঘাত নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। মাদক কারবারের নেটওয়ার্ক ভেঙে দেওয়া, আসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন এবং সহিংস অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা—সব ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। প্রশ্ন একটাই, মাদকের এই ভয়াল বিস্তার রোধে কার্যকর প্রতিরোধ গড়ে উঠবে কবে?