
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খোর মোর গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এই গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে ড্রোনটি আঘাত হানে। এতে সেখানে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। হামলার পরপরই নিরাপত্তাজনিত কারণে গ্যাসক্ষেত্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলার ফলে ওই এলাকায় প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ডানা গ্যাস’ জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি ও আঞ্চলিক অস্থিরতার কারণে গত জুলাই মাসেও এর কার্যক্রম কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উৎপাদন আবার শুরু হয়, তবে নতুন করে এই সন্ত্রাসী হামলায় ফের সংকটের সৃষ্টি হলো। নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
ইরাকের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ও প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি জানিয়েছেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
হামলার পরপরই দায়িত্বরত কর্মীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।