
জমি ও স্থাবর সম্পত্তির পুরোনো মৌজা মূল্য প্রথার অবসান ঘটিয়ে সরকার এখন থেকে জমির বাস্তব বা প্রকৃত বাজারমূল্য নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। কর ফাঁকি রোধ, কালো টাকা বা অপ্রদর্শিত সম্পদ জমানোর প্রবণতা কমিয়ে সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ‘মৌজা মূল্যের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়’ উল্লেখ করে তিনি আরও বলেন, সাধারণত এ মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম।
গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এ প্রয়োজনীয় সংশোধনী এনেছে সরকার। সংশোধিত বিধিমালা থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কমিটিগুলোকে এখন থেকে ন্যূনতম দরের বদলে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি নিবন্ধন ও স্ট্যাম্প শুল্ক খাত থেকে সরকারের কোষাগারে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। নতুন এই পদ্ধতির মাধ্যমে ভবিষ্যতে রাজস্ব আদায় বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। শেষ পর্যন্ত নতুন ব্যবস্থাটিই বর্তমান পদ্ধতির জায়গা নেবে।
সরকার এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য তিন স্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
সিটি করপোরেশন এলাকার জমির দাম নির্ধারণ করবে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিভাগীয় কমিটি। এছাড়া পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণের দায়িত্ব থাকবে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন জেলা কমিটির ওপর। এলাকার বাইরের অন্যান্য জমির দাম নির্ধারণ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নেতৃত্বাধীন উপজেলা কমিটি।
প্রতিটি কমিটিতে ভূমি, প্রশাসন, কর, গণপূর্ত, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন। কমিটিগুলো জমির ধরন, ব্যবহার, অবস্থান, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করবে। নির্ধারিত এই মূল্যতালিকা টানা তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী জানান, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত এই পদ্ধতি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাজ করবে। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য হলো বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থা গড়ে তোলা।
প্রকৃত সমাধানের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় একটি স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা তৈরির কাজ চলছে। এটি তৈরি করতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। জমির পরিমাপ, মালিকানা, দাম ও উন্নয়নের মাত্রার মতো বিভিন্ন সূচক ব্যবহার করে সূত্রভিত্তিক এই ব্যবস্থাটি চালু হলে তখন আর অন্তর্বর্তীকালীন ব্যবস্থার প্রয়োজন হবে না।