
বাংলা লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার অপ্রতিদ্বন্দ্বী শিল্পী, সুরকার এবং বংশীবাদক বারী সিদ্দিকির জন্মদিন আজ ১৫ নভেম্বর। ১৯৫৪ সালের এই দিনে নেত্রকোনার এক সংগীতপ্রেমী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠা এই গুণী শিল্পী মাত্র ১২ বছর বয়সে স্থানীয় শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে তালিম নেওয়া শুরু করেন। পরবর্তীতে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান ও পান্নালাল ঘোষের মতো প্রথিতযশা শিল্পীদের সান্নিধ্যে তিনি বাঁশি ও সংগীতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। সংগীতে অসামান্য অবদানের পাশাপাশি বাঁশির সুরেও তিনি জয় করেছিলেন অগণিত মানুষের হৃদয়।
দীর্ঘদিন সংগীত সাধনায় নিবেদিত থাকলেও ১৯৯৯ সালে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করে তিনি দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এই সিনেমার ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’ ও ‘পুবালি বাতাসে’ গানগুলো তাঁকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়। এর আগে ১৯৯৫ সালে হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ ম্যাগাজিন অনুষ্ঠানে জনসমক্ষে বাঁশি বাজিয়েই তিনি প্রথম দর্শকের নজর কেড়েছিলেন।
পরবর্তী সময়ে নিজের একক ও মিশ্র অ্যালবামে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। তাঁর কণ্ঠে ‘রজনী’, ‘দুঃখ রইলো মনে’, ‘অপরাধী হইলেও আমি তোর’ এবং ‘মানুষ ধরো মানুষ ভজো’ গানগুলো আজও সংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। বাঁশির সুর ও গায়কীতে তিনি এক অনন্য জাদুকরী আবহ তৈরি করতে পারতেন, যা তাঁকে কিংবদন্তির আসনে বসিয়েছে।
২০১৭ সালের ২৪ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। আজ তাঁর জন্মদিনে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও অগণিত ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রিয় এই শিল্পীকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।