
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট। গত ১৫ নভেম্বর রিমান্ড মঞ্জুর হওয়ার পর থেকেই এসআরইউ কার্যালয়ে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শুরু থেকেই তিনি পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের সব ধরনের প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখাচ্ছেন। কার্যত গতকাল পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা মুখ খুলেননি।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাহাঙ্গীর আলমকে বিভিন্ন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রশ্ন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসন সংক্রান্ত মোবাইল ফোন থেকে পাঠানো বিভিন্ন ক্ষুদে বার্তা। ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা’ এবং ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— এমন ধরনের বার্তার উৎস এবং কাদের কাছে তিনি এসব বার্তা পাঠিয়েছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এছাড়া তিনি আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলেও তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।
তদন্তকারী কর্মকর্তা ও স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে জাহাঙ্গীর আলমের ভূমিকা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন, তাই এই পর্যায়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। তবে রিমান্ড আবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, পুরো ঘটনার পেছনের ষড়যন্ত্রের মূল উৎস, রাষ্ট্রকাঠামো উৎখাতের অপচেষ্টা এবং এর পেছনে দেশি-বিদেশি বা কোনো কুচক্রী মহলের আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়টি চিহ্নিত করা জরুরি। মামলার এজাহারেও এ বিষয় উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসপি জাহাঙ্গীরের গ্রেফতারের পর চট্টগ্রামসহ সারা দেশে কর্মরত আওয়ামী লীগের সুবিধাভোগী অন্যান্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। তদন্তকারী দল এখন রাষ্ট্র অচল করার কৌশলে আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের খুঁজে বের করতে কাজ করছে। পলাতক সহযোগীদের শনাক্ত করা এবং এসপি জাহাঙ্গীরের প্রতিটি যোগাযোগের খুঁটিনাটি বের করাই এখন পুলিশের তদন্তের প্রধান লক্ষ্য। দ্বিতীয়টি হচ্ছে, বর্তমান রাষ্ট্রকাঠামোকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা। তৃতীয়টি হচ্ছে, আসামিকে দেশে বা বিদেশে বসে কারা অর্থনৈতিক, প্রযুক্তিগত বা অন্য কোনো লজিস্টিক সহায়তা দিয়ে আসছিলেন, সেই পলাতক সহযোগীদের খুঁজে বের করা।