
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি-এর মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৭০০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ লাখ ৫ হাজার টাকা।
সোমবার ১৬ নভেম্বর সকাল ১১টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ২৯ বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ১৫ নভেম্বর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি-এর অধীন খানপুর বিওপি এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দিনাজপুরের কোতোয়ালি থানার খুদিয়ারপাড়া এবং বিরামপুর থানার রেলগেট ও মণ্ডপের মোড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদক ও নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। এর মধ্যে খানপুর বিওপি ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ALPRAZOLAM 0.5 ট্যাবলেট এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প ৭০০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, জানান সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।