
কুমিল্লার দাউদকান্দিতে কৃষকদল নেতা আহাম্মদ হোসেন তালুকদারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফরহাদ রায়হান ভূঁইয়া এই আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন দাউদকান্দির ১৪ নম্বর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্রধান এবং ইউনিয়ন শ্রমিক দলনেতা মো. সোহেল মিয়া ওরফে মো. হোসেন।
আদালত সূত্রে জানা যায়, দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদারকে অতর্কিত হামলা ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার জেরে গত ২০২৫ সালের ৪ জুলাই তার ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলাটি করেন। এই মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছিল।
মামলার ১ ও ২ নম্বর আসামি মিজানুর রহমান প্রধান ও সোহেল মিয়া গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় তারা এতদিন পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার তারা কুমিল্লার আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন।
শুনানি চলাকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ (রাফি) আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারার গুরুতর অপরাধের বিষয়টি আদালতে তুলে ধরেন। তিনি হাইকোর্টের নির্দেশ অমান্য করার বিষয়টিও নজরে আনেন। সব পক্ষের যুক্তি ও শুনানি শেষে বিচারক আসামিদের জামিন নাকচ করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।