
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা আ জ ম নাছির উদ্দিন, মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মাহতাব উদ্দিন চৌধুরীর অবস্থান জানতে তাঁদের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের তিনটি পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকেই পাওয়া যায়নি।
জানা গেছে, বুধবার রাতে কোতোয়ালী থানা পুলিশের ১৫ থেকে ২০ সদস্যের একটি দল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসভবনে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা বাসায় ঢুকে তল্লাশি করেন এবং নাছির উদ্দিনের অবস্থান জানতে চান। পরে তাঁরা সেখান থেকে চলে যান।
একই রাতে পাঁচলাইশের চশমা হিল এলাকায় প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনেও তল্লাশি চালায় পুলিশ। সেখানে তাঁর ছেলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের খোঁজ করা হয়। তবে তাঁকে বাসায় পাওয়া যায়নি। এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সিটি মেয়র ছিলেন। তাঁর স্ত্রী হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
এ ছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর চকবাজার থানার পল্টন রোডের বাসভবনেও অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর ছেলে।
অভিযানের বিষয়টি পুলিশের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে এসব অভিযানের সুনির্দিষ্ট উদ্দেশ্য কী, কিংবা নেতাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে কি না, তা জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।