
সারাদেশে নিষিদ্ধ সংগঠনেরর নেতা কর্মীরা বাস ও কলকারখানায় আগুন দিয়ে এবং নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, ভিন্নমত থাকতেই পারে, প্রত্যেকের মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু প্রতিহিংসা ও বিশৃঙ্খলা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয়। দল-মতনির্বিশেষে সবার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই গণতন্ত্রের মূল চেতনা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারী শাসন ও নির্যাতনের কারণে দেশের মানুষ কথা বলার অধিকার, সত্য প্রকাশের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হারিয়েছিল। গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও একটি মহল বাসে আগুন দিয়ে, কলকারখানায় অগ্নিসংযোগ করে এবং বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। কারণ, এই দেশ সবার, এই সমাজও সবার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, এমন একটি রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যেখানে দল-মতনির্বিশেষে প্রত্যেকে নিজের অধিকার ও মতামত প্রকাশ করতে পারবেন। সরকার ভালো কাজ করলে জনগণ আগামী নির্বাচনে আবার ভোট দেবে, আর ব্যর্থ হলে ভোট দেবে না। এটাই গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। সরকার সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
শিক্ষার্থীদের উদ্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তাই শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষিত হলেই চলবে না, প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। একজন মানুষ নিজে ভালো থাকার পাশাপাশি তার আশপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে সরকারি বা বেসরকারি চাকরির পেছনে ছুটতে হবে, এমন নয়। প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। প্রশিক্ষণ নিয়ে কেউ কেউ মাসে ৫০০ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত আয় করছেন বলে উল্লেখ করেন তিনি। শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে আনন্দময় করার লক্ষ্যে কাজ করছেন। ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত হচ্ছে। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বছরব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হবে। খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ছোটবেলায় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে একবার প্রতিদ্বন্দ্বীর ধাক্কায় পড়ে গিয়ে পুরস্কার পাননি। সেই ঘটনাই তাঁকে জীবনে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে। পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে পাঁচবার গুরুতর ইনজুরি এবং পাঁচটি অস্ত্রোপচারের মধ্য দিয়েও তিনি লড়াই চালিয়ে গেছেন। জীবনে বাধা আসবে, কিন্তু হেরে যাওয়ার মানসিকতা রাখা যাবে না।
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি সুস্থ জাতি গঠনের অন্যতম মাধ্যম। খেলাধুলার প্রসার ঘটাতে পারলে তরুণদের মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। একটি সুস্থ জাতিই পারে সমৃদ্ধ, মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে।
অনুষ্ঠানে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি মো. হাফিজুর রহমান সরকার, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যুৎসাহী সদস্য মোকছেদুর রহমান আবির, মোহাম্মদ ইছাহাক শিপন এবং কলেজের অভিভাবক প্রতিনিধি মো. জিয়াউল হক বক্তব্যব দেন। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তারী আহমেদ।