রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
তিন দিন পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু জাহাজ চলাচল প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ ঠেকাতে নীতিমালার নির্দেশ এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল কাল গৌরীপুরে গাছের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক নিহত: আহত ৩ পা টিপে দেওয়ার কথা বলে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, হিলিতে মামা আটক মানিকগঞ্জে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টানা বৃষ্টিতে ত্রিশালে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক সীমান্ত পেরিয়ে ঢাকার পথে ভারতীয় অলিভ অয়েল, ভূরুঙ্গামারীতে জব্দ বিশ্ববাজারের চাহিদায় আধুনিক ও দক্ষ শিক্ষার্থী গড়ার তাগিদ রাষ্ট্রপতির

সীমান্ত পেরিয়ে ঢাকার পথে ভারতীয় অলিভ অয়েল, ভূরুঙ্গামারীতে জব্দ

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৬:৫৫ পিএম
Advertisement
শেয়ার করুন

‎সীমান্ত পেরিয়ে চোরাই পথে দেশে প্রবেশ, এরপর গন্তব্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা। এমনই একটি ভারতীয় পণ্যের চালান পুলিশের অভিযানে ধরা পড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। পুলিশের তল্লাশির মুখে ইঞ্জিনচালিত নসিমন থেকে দুটি বস্তা ফেলে পালিয়ে গেছেন চালক। পরে বস্তা দুটি তল্লাশি করে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
‎শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ১২ মিনিটে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা পুলিশ।
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
‎এ সময় কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু পুলিশের সংকেত পেয়েই নসিমন থেকে দুটি সাদা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যান চালক। পরে পুলিশ বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করে।
‎পুলিশ জানায়, উদ্ধার করা অলিভ অয়েল সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে দেশে আনা হয়েছিল। পরে এসব পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তবে নসিমনচালক পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
‎জব্দ করা মালামাল জিডিমূলে ভূরুঙ্গামারী থানায় জমা রাখা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দ করা পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
‎সীমান্তবর্তী ভূরুঙ্গামারীতে চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চললেও সীমান্ত পেরিয়ে কীভাবে এসব পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এবং কারা এর সরবরাহ নেটওয়ার্ক পরিচালনা করছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শুধু পণ্য জব্দ নয়, চোরাচালানের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করাও এখন গুরুত্বপূর্ণ।
‎সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত চোরাই পণ্যের সরবরাহ নেটওয়ার্কের সন্ধান মিলবে কি না, এখন সেই প্রশ্নই সামনে এসেছে।

এই বিভাগের আরো খবর