
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী ডিবির বিশেষ অভিযানে আলোচিত ‘র’ ও ‘ক্রাইম সেটআপ’ নামের দুটি কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হচ্ছে, ‘র’ গ্যাংয়ের ইমরান হোসেন রতন (১৯), সাইফুল ইসলাম (২০) ও ‘ক্রাইম সেটআপ’-এর মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।
পুলিশ জানায়, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধে নয়টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে। অপরদিকে সাব্বিরের বিরুদ্ধে একটি এবং রবিউল ইসলাম নবীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
জেলা পুলিশ জানায়, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় গত ১০ দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততা পাওয়া যায়নি এমন কিশোরদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশের দাবি, চলমান অভিযানের কারণে জেলার বিভিন্ন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অনেকে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা ও কক্সবাজারে অভিযান চালিয়ে ‘র’ ও ‘ক্রাইম সেটআপ’-এর চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের মাধ্যমে অপরাধ, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধুমহল সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।