
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার ছয়দিন পর দুই কিশোরীকে কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার কাশিনগর আল আমিন মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরিবারের লোকজন যখন জানতে পারে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরেনি তখন থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে
কোথাও তাদের সন্ধান না পেয়ে অবশেষে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাবে দুইটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা পর্যালোচনা করে পুলিশ নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। চৌদ্দগ্রাম মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) যৌথ ভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালিয়ে একপর্যায়ে নিখোঁজ দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে শনাক্ত করে। মঙ্গলবার রাতে কক্সবাজার ডিবি পুলিশ সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলে অভিযান চালিয়ে ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, উদ্ধারকৃত দুই কিশোরীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।