
দিনাজপুরের ঘোড়াঘাটে বসতবাড়ির আঙিনায় আদা চাষের আড়ালে অভিনব উপায়ে গাঁজা চাষের অভিযোগে আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার আদা ক্ষেত থেকে উদ্ধার করা হয় প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বিশালাকৃতির গাঁজার গাছ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। সোমবার দিবাগত শেষ রাতে (রাত দেড়টার দিকে) উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, বসতবাড়ির আঙিনায় আদা ক্ষেতের মধ্যে গোপনে গাঁজা চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের আদা ক্ষেত থেকে প্রায় ২০ কেজি ওজনের দুটি গাঁজার গাছ জব্দ করা হয়। এর মধ্যে একটি গাছের ওজন ১২ কেজি এবং অন্যটির ৮ কেজি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আবু তালেব স্বীকার করেছেন, নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে বিগত ৬-৭ মাস ধরে তিনি আদা চাষের অন্তরালে গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এমন অপরাধমূলক কর্মকাণ্ড করার সাহস না পায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা হবে।