
কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তায় বেপরোয়া পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ১৪ জানুয়ারি সকালে সাবেক সেনাসদস্য নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহরের উদ্দেশে রওনা দেন। তারামন চৌরাস্তায় পৌঁছামাত্র নাগেশ্বরী থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার পর নিহতের ভাই মো. এনামুল হক কুড়িগ্রাম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্ত ট্রাকচালক ঘটনার পর আত্মগোপনে চলে যায়।
অবশেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে ঘাতক ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব-১৩।
র্যাব জানিয়েছে, সড়কে বেপরোয়া যানচালনা ও প্রাণহানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। স্থানীয়রা দ্রুত সড়কটিতে গতি নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
Leave a Reply