1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মিরপুরে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ, পরে মার্কেট-কারখানা ভাঙচুর - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

মিরপুরে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ, পরে মার্কেট-কারখানা ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:৪৫ পিএম
শেয়ার করুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় তাঁদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুপুরের দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়াও হয়। পরে পল্লবীর কালশী এলাকাতেও একটি পোশাক কারখানায় ভাঙচুরের খবর পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

দিলরুবা নামে এক পোশাকশ্রমিক বলেন, পরিবার নিয়ে ঢাকায় টিকে থাকা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে নেমেছেন। ন্যূনতম মজুরি বাড়ানো হলে তাঁরা কোনোরকমে বেঁচে থাকতে পারবেন।

শাহ আলীতে মার্কেট ও কারখানায় ভাঙচুর
দুপুরের দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শ্রমিকেরা কারখানাটিতে ভাঙচুর চালান। পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সেও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে বাগদাদ শপিং কমপ্লেক্সে অবস্থান নেওয়া শ্রমিকদের সঙ্গে দোকানিদের হাতাহাতি হয়। পরে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বরে অবস্থানরত অন্য শ্রমিকদের ফোন করে সেখানে আসতে বলেন। এরপর সেখান থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক এসে মার্কেটটিতে ভাঙচুর চালান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া মিরপুর-১ নম্বরের মল্লিক টাওয়ারেও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মিরপুর-১০ নম্বর এলাকায় তৌফিক নামের এক শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা শাহ আলী থানাধীন মল্লিক টাওয়ারে ভাঙচুর চালান। পরে তাঁরা মিরপুর-২ নম্বরের দিকে চলে যান।

বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশীর আদর্শনগর এলাকার ২২ তলা গার্মেন্টসেও বহিরাগত আন্দোলনকারী শ্রমিকেরা ভাঙচুর চালান বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। ফলে মিরপুরের একাধিক এলাকায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ছড়িয়ে পড়ে।

ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ ছিল।

ডিএমপি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার মিরপুর-১ নম্বরের বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকেরা সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর