
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’-এর প্রোগ্রামিং সেগমেন্ট। বৃহস্পতিবার (৮ মে) ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কার্নিভালের তিনটি সেগমেন্টের মধ্যে রোবোটিক্স সেগমেন্ট গত ১৭ এপ্রিল সম্পন্ন হয়েছিল। এবারের আয়োজনে ছিল স্ক্র্যাচ প্রোগ্রামিং (১ম থেকে ৫ম শ্রেণি) এবং সি/পাইথনে প্রবলেম সলভিং (৫ম থেকে ১২শ শ্রেণি) সেগমেন্ট।
রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুইটি সেগমেন্ট মিলিয়ে ৬০-এরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা এক ঘণ্টার মধ্যে পাঁচটি প্রোগ্রামিং সমস্যা সমাধানের সুযোগ পান।
আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম তুষার। তিনি বলেন, “আগে বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে শিক্ষার্থীরা প্রোগ্রামিং কনটেস্টের সঙ্গে পরিচিত হতো। এখন স্কুল জীবনেই তারা প্রোগ্রামিং ভাষার সঙ্গে পরিচিত হচ্ছে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারছে—এটি অত্যন্ত উৎসাহজনক।”
তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের মধ্যে এমন কেউ ছিল না, যে অন্তত একটি সমস্যাও সমাধান করতে পারেনি। এ ধরনের প্রতিযোগিতা আরও বেশি আয়োজন করা উচিত বলেও মত দেন তিনি।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সুস্মিত জাহান বলেন, “পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এআই-সংশ্লিষ্ট প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। তাই ছোটবেলা থেকেই কোডিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি উল্লেখ করেন, তাদের প্রজন্ম ইন্টারমিডিয়েট পর্যায়ে গিয়ে তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত হলেও এখনকার শিক্ষার্থীরা প্রথম-দ্বিতীয় শ্রেণি থেকেই স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।
‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা শাহিদা আফরিন জানান, প্রতিষ্ঠানটি গত ছয় বছর ধরে স্কুল পর্যায়ে STEM শিক্ষা নিয়ে কাজ করছে। উন্নত দেশগুলোতে STEM শিক্ষা মূল পাঠ্যক্রমের অংশ হলেও বাংলাদেশে এখনো এটি সহশিক্ষা কার্যক্রম হিসেবে শেখানো হচ্ছে। শিক্ষার্থীদের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচিত করতেই রুয়েটে এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
দিনশেষে রুয়েটের সিএসই সেমিনার রুমে অনুষ্ঠিত হয় ক্লোজিং সেরিমনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুজ্জামান এবং আইসিটি বিভাগের EDGE প্রজেক্টের একজন কনসালট্যান্ট। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ কার্নিভালে বিজয়ী শীর্ষ দলগুলো নেপালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে অর্গানাইজিং পার্টনার হিসেবে ছিল American Corner Rajshahi এবং Career Guidelines & Alumni Placement Center। ক্লাব পার্টনার হিসেবে সহযোগিতা করে রুয়েট কম্পিউটিং সোসাইটি।