
দিনাজপুরের হিলিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম। দোয়া শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।