
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতাবোধ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরের হাকিমপুরে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জর্জ মিত্র চাকমা বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে ও তাঁর সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিতে পারবে। তাঁর গান ও কবিতা তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, রচনা লেখা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা শিল্প ও নাট্যগোষ্ঠীর সদস্য ও সংগীতশিল্পী বকুল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।