
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা, বোন এবং সহযোদ্ধা। তার পাশে আমরা পূর্ণশক্তি নিয়ে দাঁড়িয়েছি। বুধবার ১১ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন।
আবিদুল ইসলাম তার পোস্টে জুলাই বিপ্লবের শক্তির ঐক্য বজায় রাখার ওপর জোর দেন। তিনি রাজনৈতিক অঙ্গনে চলমান পারস্পরিক দোষারোপ বা কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানান। তার মতে, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার এবং ফ্যাসিবাদী যেকোনো সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের।
আবিদুল আরও বলেন, যাদের হাতে হাজারো মানুষের রক্ত লেগে আছে, তাদের ফ্যাসিবাদী কার্যক্রম এই মাটিতে আর চলতে দেওয়া হবে না। ভারতে অবস্থানকারী ফ্যাসিবাদী জননী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, দেশের হাজার হাজার মানুষ হত্যার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই; উল্টো তারা আবারও রক্তের নেশায় মেতে ওঠার চেষ্টা করছে।
দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান ছাত্রদলের এই নেতা। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ফুল অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি সারা দেশে ফ্যাসিবিরোধী দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। যেকোনো মূল্যে এই মাটিতে তাদের পুনরুত্থান ঠেকানোর সংকল্প ব্যক্ত করেন তিনি।