
ভারতের উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলি উদযাপনের রাতে এক অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত সৌরভ তোমরের মাথায় গুলি লাগলে তাকে দ্রুত মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, দীপাবলি উপলক্ষে বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন সৌরভ। ওই সময় ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণ নামের দুই গ্রামবাসীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধীরজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি ছুড়লে সেটি প্রথমে দেয়ালে লেগে সৌরভের কানের পেছনে আঘাত করে। গুলির আঘাতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তার কানের ঠিক পেছনে গুলিটি বিদ্ধ হয়।
একই সময়ে ধীরজের ভাই মনু লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালালে মিন্টুও লাঠি দিয়ে পাল্টা আঘাত করেন। গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত লোকজন প্রাণভয়ে ছত্রভঙ্গ হয়ে যান। সুযোগ বুঝে হামলাকারী দুই ভাই ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
স্থানীয়দের মতে, দুই পক্ষের মধ্যে পূর্ব পরিচিতি ও সুসম্পর্ক থাকলেও প্রায় দুই মাস আগে তাদের মধ্যে একবার বিরোধের ঘটনা ঘটেছিল। সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং বর্তমানে তিনি দেশের প্রাচীনতম অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে রাষ্ট্রপতি ভবনে কর্মরত। ছুটি নিয়ে গ্রামের বাড়িতে দীপাবলি উদ্যাপন করতে এসে তিনি এই হামলার শিকার হলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল।