
কুমিল্লায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার আবরাদ হাসান সজিবের বিরুদ্ধে। নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রেদোয়ান হোসেন রিফাত উপজেলার ওই গ্রামের মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। অভিযোগ রয়েছে, পাঁচ দিন আগে আবরাদ হাসান সজিব ওই ব্যাংক শাখায় গিয়ে রিফাতের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।
ছেলের কোনো সন্ধান না পেয়ে তাঁর বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পাঁচ দিন পর শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন বলে পরিচিত। তাঁর কর্মকাণ্ডে এলাকার মানুষ আতঙ্কে থাকেন। বিভিন্ন সময় অভিযান পরিচালিত হলেও রহস্যজনক কারণে তাঁকে গ্রেপ্তার করা হয় না বলে অভিযোগ করেন তিনি।
নিহতের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমার ছেলেকে কিশোর গ্যাং লিডার সজিব হত্যা করেছে। আমি ঘাতকের ফাঁসি চাই। আমার ছেলে অনেক কষ্ট করে ব্যাংকটি পরিচালনা করছিল। সেদিন চাঁদা না দেওয়ায় তাকে এক দফা মারধর করা হয়েছিল। ভেবেছিলাম, এরপর আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ—এ কষ্ট কীভাবে সহ্য করব?’
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সজিবকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পাঁচ দিন নিখোঁজ থাকার পর ব্যাংক এজেন্ট শাখার পরিচালকের এমন রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।