শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
হিলি স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান, বসছে আধুনিক ল্যাগেজ স্ক্যানার মোহনগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে তাণ্ডব, বৃদ্ধ বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সাপাহারে আদিবাসী নারী নেতৃত্বকে শক্তিশালী করতে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংকের পরিচালককে হত্যা! ৫ দিন পর পুকুরে মিলল লাশ, কিশোর গ্যাং লিডার সজিবের বিরুদ্ধে অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার অ্যাসিডিটি বাড়াচ্ছে আপনার প্রতিদিনের এই সাতটি অভ্যাস গণভোটের রায় মানলে আ.লীগের বিরুদ্ধে লড়বে জামায়াত আইটি কোর্সের নামে অভিনব প্রতারণা, কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার দ্বন্দ্বে তাণ্ডব, বৃদ্ধ বাবাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬:৫৫ পিএম
Advertisement
শেয়ার করুন

বাড়িঘরে হামলা-ভাঙচুর, ৬ লাখ টাকার সরঞ্জাম লুটের অভিযোগ; নারীসহ আহত ২, আদালতে মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসার বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের ওপর বর্বর হামলা, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ ব্যবসায়ীকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে দিনভর নির্যাতন করার অভিযোগও পাওয়া গেছে। এ সময় পরিবারের নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ রয়েছে। হামলায় নারীসহ দুজন আহত হয়েছেন। লুট করা হয়েছে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ওয়াইফাই সরঞ্জাম ও অন্যান্য মালামাল।
চাঞ্চল্যকর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের পশ্চিমপাড়ায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
আদালতে দায়ের করা মামলা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধনুসাড়া গ্রামের আলী মিয়ার ছেলে স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী আমির হোসেন (৪৫) এবং একই এলাকার অপর ব্যবসায়ী আব্দুল কাইয়ুম শাহপরানের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় অভিযোগের পর স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং একে অপরকে হয়রানি না করার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৭ নভেম্বর দুপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক শাহপরানকে তাঁর বাড়ির সামনে একা পেয়ে আটক করে মারধর করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা সেখানেও গিয়ে তাঁকে মারধর করেন। পরে কৌশলে তাঁদের হাত থেকে পালিয়ে যান শাহপরান।
এরপর তাঁকে না পেয়ে হামলাকারীরা তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, পরিবারের নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। হামলাকারীদের ছেনির আঘাতে শাহপরানের মা রফিজা বেগমের বাম উরুতে রক্তাক্ত জখম হয়। একই সঙ্গে ঘরে থাকা প্রায় ৬ লাখ টাকা মূল্যের ওয়াইফাই সরঞ্জামসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
মামলার আরও অভিযোগ, হামলা ও লুটপাটে বাধা দেওয়ায় শাহপরানের বৃদ্ধ বাবা দ্বীন মোহাম্মদকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে পাশের রাস্তার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে লাঠি, রড, কিল-ঘুষি ও লাথি মেরে তাঁকে নির্যাতন করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা, কাটা-ছেঁড়া ও রক্তাক্ত জখম হয়।
এ সময় তাঁকে উদ্ধারে তাঁর বড় ভাই নুর ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। অভিযোগ অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সহায়তায় সামাজিকভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে পুলিশকে ফিরিয়ে দেন। পুলিশ চলে যাওয়ার পর হামলাকারীরা দ্বীন মোহাম্মদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে রফিজা বেগমকে জিম্মি করে তাঁর কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা আদায় করা হয়। পরে রাত আনুমানিক ১১টার দিকে দ্বীন মোহাম্মদকে ছেড়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে স্বজনদের সহযোগিতায় আহত স্বামী-স্ত্রী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ন্যায়বিচারের আশায় রফিজা বেগম কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৯৮৩/২৬।
মামলার বাদী রফিজা বেগম বলেন, ‘আমির হোসেনের নেতৃত্বে তাঁর সহযোগীরা আমাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমার বাম উরুতে ছেনি দিয়ে কোপ মেরেছে। আমার স্বামীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করেছে। আমার মেয়ে ও পুত্রবধূকেও শ্লীলতাহানির চেষ্টা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত আমির হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়েরের বিষয়টি শুনেছেন। আদালতের নির্দেশনা পেলে ভুক্তভোগী পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

এই বিভাগের আরো খবর