
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১১ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার ভোর রাত ৩টার দিকে টেকনাফ থানার লেদা খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকপাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।